শিরোনাম

শেরপুরে পাহাড়ি ঢলে ভেসে গেল ব্রিজ

শেরপুর সংবাদদাতা
শেরপুর সংবাদদাতা
শেরপুরে পাহাড়ি ঢলে ভেসে গেল ব্রিজ
তীব্র স্রোতে মানুষসহ ভেসে যাচ্ছে ব্রিজ

টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের স্রোতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি ব্রিজ নদীতে ভেসে গেছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসী ভিটা এলাকার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢলের কারণে চেল্লাখালী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ব্রিজটির অধিকাংশ অংশ পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে প্রবল স্রোতের তোড়ে ব্রিজটি ভেঙে পড়লে নদীর দুই পাড়ের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বাঘবেড় ইউনিয়নের প্রশাসক মো. আনোয়ারুল কবীর বলেন, পাহাড়ি ঢলের স্রোতের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই ব্রিজটি পানিতে বিলীন হয়ে যায়। এ সময় ব্রিজে অবস্থানরত ব্যক্তিরা দ্রুত সাঁতরে নিরাপদ স্থানে চলে গিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন।

অন্যদিকে, জেলার বিভিন্ন নিম্নাঞ্চলেও পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ধলী বিল এলাকার বহু বসতবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অসংখ্য পরিবার। আকস্মিক এই বন্যায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে জেলার সব নদ-নদীর পানি বেড়েছে। তবে এখন ধীরে ধীরে পানি কমছে। চেল্লাখালী নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আরও বৃষ্টি হলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের পরিধি বাড়তে পারে।

/এসবি/