মিরপুর-১-এ ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিরপুর-১-এ ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান
পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালাচ্ছে ডিএনসিসি। ছবি: ডিএনসিসি’র সৌজন্যে

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ও বিকালে দুই দফায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, মিরপুরসহ পুরো ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএনসিসির জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর এলাকার বাসিন্দা, শাহ আলী, দারুস সালাম ও আশপাশের ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে কিছু হকার ও দখলদার সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন। এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছিল।

অভিযান চলাকালে শফিকুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষ ও বিভিন্ন মার্কেট কমিটির নেতারা দীর্ঘদিন ধরে ফুটপাত দখলের বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। মানুষের হাঁটার পথ উন্মুক্ত করে দেওয়া তাঁর নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কোনো বাধা মেনে নেওয়া হবে না। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে অভিযান চালানো হবে।

অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করেন।

/এমআর/