শেষের দিকে ইসরায়েলের ভোট গণনা, এগিয়ে কোন জোট

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শেষের দিকে ইসরায়েলের ভোট গণনা, এগিয়ে কোন জোট
গাদি আইজেনকোট ও বেঞ্জামিন নেতানিয়াহু। কোলাজ: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের চূড়ান্ত মুহূর্ত যত এগিয়ে আসছে, রাজনৈতিক অস্থিতিশীলতার পারদ ততই চড়ছে। প্রায় ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট আসনসংখ্যায় এগিয়ে থাকলেও, সরকার গঠনের নিশ্চিন্ত বার্তা পাচ্ছে না তারা। ফলে ভোটের ফল স্পষ্ট হওয়ার পরও তৈরি হয়েছে নতুন এক জটিল সমীকরণ।

১২০ আসনের নেসেটে ক্ষমতার মসনদে বসতে হলে যেকোনো পক্ষকে অন্তত ৬১টি আসন নিশ্চিত করতে হবে। আল-জাজিরার প্রকাশিত ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থী জোট এখন পর্যন্ত ৫৩টি আসনে জয় নিশ্চিত করে এগিয়ে আছে। অপরদিকে, তাদের ঠিক পেছনেই রয়েছে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট। বিরোধী প্রধান রাজনৈতিক শিবিরের ঝুলিতে গেছে ৪৮টি আসন।

এমন অবস্থায় নির্বাচনের সবচেয়ে বড় চমক হিসেবে হাজির হয়েছে আরব দলগুলো। পূর্বাভাস বলছে, তাদের যৌথ ঝুলিতে যেতে পারে ১৯টি আসন। নেতানিয়াহু বা বিরোধী জোট- কারো পক্ষেই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এ আরব দলগুলোই এখন ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে কিংমেকার হয়ে উঠেছে।

সরকার গঠনের দৌড়ে টিকে থাকতে হলে নেতানিয়াহুর জোটকে যেমন ছোট দলগুলোর দিকে হাত বাড়াতে হবে, তেমনি বিরোধী পক্ষকেও জোটবদ্ধ হওয়ার জোর চেষ্টা চালাতে হবে। এখন আরব দলগুলো শেষ পর্যন্ত কার দিকে পাল্লা ভারী করবে- তার ওপরই ঝুলছে আগামী দিনের ইসরায়েল সরকারের ভবিষ্যৎ। চূড়ান্ত গণনা শেষ না হওয়া পর্যন্ত এবং দলগুলোর রাজনৈতিক সমঝোতার স্পষ্ট রূপ সামনে না আসা পর্যন্ত দেশটিতে সরকার গঠনের দোলাচল কাটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা

/এমএকে/