শিরোনাম

রাঙামাটির দুর্গম ৪৩ ভোটকেন্দ্রে থাকছে না সিসিটিভি ক্যামেরা

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটির দুর্গম ৪৩ ভোটকেন্দ্রে থাকছে না সিসিটিভি ক্যামেরা
সিসিটিভি ক্যামেরা। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির দুর্গম এলাকার ৪৩ কেন্দ্রে থাকছে না সিসিটিভি ক্যামেরা। বিদ্যুৎ সরবরাহ না থাকায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে জেলার বাকি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, জেলায় ২১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৭০ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিগুলোতে সিসিটিভি থাকছে না। দুর্গম এলাকা ও বিদ্যুৎ না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন গণমাধ্যমকে বলেন, সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ৩১টি ভোটকেন্দ্রে সিসিটিভি বসানো হবে। বিদ্যুৎবিহীন কেন্দ্রগুলোতে সিসিটিভি বসানো সম্ভব নয়। ৮ জানুয়ারি থেকে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী গণমাধ্যমকে বলেন, সব কেন্দ্রে সিসিটিভি বসানো সম্ভব হয়নি। যেসব কেন্দ্রে সিসিটিভি বসানো সম্ভব হয়নি, সেখানে দায়িত্বরত বিজিবি, পুলিশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা রয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রাঙামাটির ১০ উপজেলার মধ্যে ২টি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ ও হিজড়া ২ জন।

/এসআর/