শিরোনাম

৪ দিন পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙ্গামাটি সংবাদদাতা
রাঙ্গামাটি সংবাদদাতা
৪ দিন পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
জলকপাট বন্ধ করে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ

টানা ৪ দিন পানি নিষ্কাশনের পর রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বুধবার (২২ জুলাই) রাতে কাপ্তাই লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চার দিনের বেশি সময় ধরে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার ফলে লেকের পানির উচ্চতা উল্লেখযোগ্যভাবে কমেছে। রাত ১১টায় লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ২৬ ফুট। একই সময়ে কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে প্রায় ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলছিলো।

গত ১৮ জুলাই সকাল ১১টা ২০ মিনিটে লেকের পানির উচ্চতা ১০৪ দশমিক ৮ ফুটে পৌঁছে গেলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হয়। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর লেকের পানি নিরাপদ পর্যায়ে নেমে আসায় বুধবার রাতে সব জলকপাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

/এসআর/