শিরোনাম

বিদ্যুতের খুঁটিতে উঠে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহী সংবাদদাতা
বিদ্যুতের খুঁটিতে উঠে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে কিশোরের মৃত্যু
নিহত কিশোরের মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাজ্জাদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাজুর ছেলে। বর্তমানে রাজশাহী নগরীল রাজপাড়া থানা এলাকার গ্রেটার রোড এলাকায় একটি বাসায় ভাড়ায় বসবাস করতেন তারা।

পুলিশ জানিয়েছে, ঘুঘুর বাচ্চা পাড়তে শনিবার সকালে তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন নিহত সাজ্জাদ। নামার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদকে তারের সঙ্গে ঝুলে থাকতে দেখে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ময়নাতদন্ত ও আইনি কার্যক্রম শেষে নিহত কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/