শিরোনাম

সবুজ রাজশাহী গড়তে আড়াই লাখ গাছ লাগানোর উদ্যোগ

রাজশাহী সংবাদদাতা
রাজশাহী সংবাদদাতা
সবুজ রাজশাহী গড়তে আড়াই লাখ গাছ লাগানোর উদ্যোগ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে আগামী এক বছরে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী মহানগরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আশা করছি, নগরবাসীর সহযোগিতায় এই কর্মসূচি সফল হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রিটন বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তার যত্ন নিন। সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে স্বাস্থ্যকর ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

রাসিক প্রশাসক বলেন, শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হবে না; সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা হবে। সিটি করপোরেশনের পরিবেশকর্মীরা নিয়মিত পানি সরবরাহ ও পরিচর্যার কাজ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিক সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ বিএনপি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

/এসআর/