শিরোনাম

বিয়েতে বর-কনেকে ডিজেল উপহার

পটুয়াখালী সংবাদদাতা
বিয়েতে বর-কনেকে ডিজেল উপহার
বিয়েতে বর-কনেকে ড্রামভর্তি ডিজেল উপহার। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যখন জ্বালানি তেল সংকট ও দাম ঊর্ধ্বমুখী, তখন পটুয়াখালীতে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে ডিজেলভর্তি একটি পাত্র উপহার দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।

ঘটনাটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক হুসাইনের ছেলে মো. শহিদুল ইসলাম ফাহিমের সঙ্গে একই উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মরহুম মো. শহিদুল ইসলাম খানের মেয়ে শারমিন স্বর্ণার বিয়ের অনুষ্ঠান হয়। সেখানেই ব্যতিক্রমধর্মী এ উপহার দেওয়া হয়।

জানা গেছে, বিয়ে উপলক্ষে ডিজেল উপহার দেওয়ার বিষয়টি ওই দিন রাত প্রায় ১০টার দিকে আলোচনায় আসে, যখন গণঅধিকার পরিষদের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান তার ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন। ডিজেলভর্তি পাত্রের ছবি সংযুক্ত করে তিনি পোস্টে লেখেন, ‘তৈলের তীব্র সংকট মোকাবেলায় নতুন জামাই-বউকে তৈল মর্দন’।

ডিজেল উপহার দেওয়া অতিথিরা জানান, সাম্প্রতিক পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এলাকায় তেলের সরবরাহ সীমিত থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী উপহার দিয়ে এই সংকটের বিষয়টি সামনে আনার চেষ্টা করা হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

ব্যতিক্রমধর্মী এ উপহার দেশের জ্বালানি সংকটের তীব্রতারই প্রতিচ্ছবি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

/জেএইচ/