পটুয়াখালীতে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালীতে বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা

পটুয়াখালী সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩৫ যাত্রী আহত হন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বসাক বাজারসংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩), গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইয়ুম প্যাদা (৫০) এবং একই উপজেলার চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০)।

পুলিশ জানায়, বরগুনার তালতলী থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেলসের একটি বাস বসাক বাজার সংলগ্ন পায়রা পেট্রোল পাম্প মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত তিনজনই অটোরিকশার যাত্রী ছিলেন। পরে উদ্ধার অভিযানে বাসটির নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়।

এছাড়া বাসটিতে থাকা অন্তত ৩৫ জন যাত্রী আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

/এফআর/