জামায়াতের এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালী সংবাদদাতা
জামায়াতের এমপি মাসুদ সাঈদীর রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন
কুয়াকাটায় ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় জামায়াতের এমপি মাসুদ সাঈদীর মালিকানাধীন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে স্থাপনাটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পর এ সংক্রান্ত নিষেধাজ্ঞার একটি ব্যানার হোটেল নির্মাণের জায়গায় টাঙিয়ে দিয়েছে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা প্রশাসন।

ব্যানারে লেখা হয়েছে, এই স্থাপনাটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নির্মাণের কারণে নির্দেশক্রমে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রকল্পের তত্ত্বাবধানে রয়েছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাসুদ সাঈদী। ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে মাসুদ সাঈদীর ছবি ও নাম রয়েছে।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. ইয়াসীন সাদেক বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকা এবং স্থাপনা নির্মাণ আইন অনুসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভবন নির্মাণ করা দণ্ডনীয় অপরাধ। তা ছাড়া কুয়াকাটার মাস্টারপ্ল্যানে এই জমি রেলওয়ে স্থাপনার জন্য বরাদ্দ দেওয়া আছে। এ কারণে স্থাপনাটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জায়াগাটি বর্তমান বিএস জরিপে এ জায়গা কুয়াকাটা পৌরসভার আওতাধীন।

এদিকে, এ জমির মালিকানা দাবি করে আদালতে একটি মামলা করেছেন কলাপাড়া উপজেলার হাড়িপাড়া এলাকার বাসিন্দা রাখাইন উমাচ্যান দেওয়ানি। তিনি বলেন, এ জমির মালিক আমার দাদা চিথাও ও নাথাও।

ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট প্রকল্পের স্থানীয় প্রতিনিধি মো. মনির মুসুল্লী বলেন, এটি একটি বড় প্রকল্প। এ প্রকল্পের জন্য আমরা ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর থেকে যাবতীয় কাগজপত্র নিয়েছি। তা ছাড়া আমরা ইতিমধ্যে বরিশাল বিভাগীয় কমিশনারের দপ্তরেও ভবন নির্মাণের অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছি।

তিনি বলেন, কুয়াকাটা পৌরসভা থেকেও অনাপত্তিপত্র গ্রহণ করা হয়েছে। এরপরও দোষ ধরলে অনেক কিছুই ধরা যায়। সবকিছু মিলিয়ে এখন আমাদের কাছে মনে হচ্ছে, এখানে বড় রাজনৈতিক খেলা রয়েছে।

/এসবি/