শিরোনাম

পুলিশ কনস্টেবলকে আবেগঘন বিদায় সহকর্মীদের

পাবনা সংবাদদাতা
পুলিশ কনস্টেবলকে আবেগঘন বিদায় সহকর্মীদের
বিদায়ী পুলিশ কনস্টেবল লক্ষণ কুমারের হাতে ফুল তুলে দেন ওসি মোস্তাফিজুর রহমান। ছবি: সংবাদদাতা

দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে আবেগঘন বিদায় সংবর্ধনা পেলেন পাবনার ভাঙ্গুড়া থানার পুলিশ কনস্টেবল লক্ষণ কুমার পাল। ফুলে সজ্জিত সরকারি গাড়িতে করে কর্মস্থল থেকে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিদায় সংবধর্নার আয়োজন করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, এসআই সুব্রত সাহা, এসআই রেজাউল করিম ও এসআই এরশাদসহ থানার সব পুলিশ সদস্যরা।

বিদায়

জানা গেছে, লক্ষণ কুমার পাল ১৯৮৬ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। শেষ পর্যায়ে ভাঙ্গুড়া থানায় কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কালীবাড়ি মহল্লার বাসিন্দা।

বিদায়ী কনস্টেবল লক্ষণ কুমার পাল বলেন, 'বিদায়ী সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আমাকে বিদায় দেওয়া হবে তা কখনও ভাবিনি।'

ভাঙ্গুড়া থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, 'অবসরকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায়বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।'

/এসআর/