শিরোনাম

এজলাসে আসামির হাতে মাদক, তাৎক্ষণিক সাজা আদালতের

পাবনা প্রতিনিধি
এজলাসে আসামির হাতে মাদক, তাৎক্ষণিক সাজা আদালতের
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পাবনা। ছবি: সিটিজেন জার্নাল

আদালত কক্ষে বিচার চলাকালে এক আসামি আরেক আসামিকে মাদক সরবরাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক বিচার করে দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন বিচারক মতিউর রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে বিষয়টি জানাজানি হয়। এর আগে বুধবার দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের এজলাসে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল।

আদালত সূত্রে জানা গেছে, একটি হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে আসেন আসামি তুর্য ইসলাম আসিফ। কাঠগড়ায় থাকা অবস্থায় হাজতে থাকা আসামি সুজন আহমেদ রনির কাছে মাদকদ্রব্য সরবরাহ করছিলেন তিনি। বিষয়টি উপস্থিত আইনজীবী ও দায়িত্বরত পুলিশ সদস্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উভয়কে তল্লাশি করা হয়।

তখন আসিফের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা এবং রনির কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে পুলিশের কোর্ট সাব-ইন্সপেক্টর (সিএসআই) জব্দকৃত আলামতসহ লিখিত অভিযোগ দাখিল করলে আদালত অভিযোগটি আমলে নিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করেন। আদালতের বিচারক মতিউর রহমান তুর্য ইসলাম আসিফকে ৬ মাসের কারাদণ্ড এবং সুজন আহমেদ রনিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে পাবনা জজ আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল বলেন, আদালত কক্ষে মাদক সরবরাহের ঘটনা খুবই দুঃখজনক। এতে অনুমান করা যায়, মাদকদ্রব্য কত দূর পর্যন্ত বিস্তার লাভ করেছে।

/এসআর/