শিরোনাম

বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ, ঘরমুখো মানুষের ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধি
বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ, ঘরমুখো মানুষের ভোগান্তি
বৈরী আবহাওয়ায় ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভোগান্তি। ছবি: সিটিজেন জার্নাল

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে প্রায় এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন চালকেরা সাময়িক ভোগান্তিতে পড়েছেন। তবে ঘাট কর্তৃপক্ষের দাবি, ঝড়ের কারণে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও পারাপারে বড় কোনো ভোগান্তি নেই। মঙ্গলবার (২৫ মে) বিকেলে আকস্মিক ঝড়ে ফেরি চলাচল ব্যাহত হলে ঘাট এলাকায় যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পায়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন বিকেল ছয়টার দিকে জানান, ঝড়ের কারণে প্রায় ৪৫ মিনিট ফেরি চলাচল বন্ধ ছিল। এর ফলে পারাপারে কিছুটা অতিরিক্ত সময় লাগলেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। ঘাটে আসার কিছুক্ষণের মধ্যেই যানবাহনগুলো ফেরিতে উঠতে পারছে। তবে লোকাল বাসের যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে দূরপাল্লার কিছু পরিবহন পার হতে কিছুটা বেশি সময় নিচ্ছে।

এদিকে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশ এবং পাটুরিয়া-আরিচা ফেরিঘাট এলাকায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরমুখো মানুষের সহায়তা ও শৃঙ্খলা রক্ষায় প্রায় ৪০০ পুলিশ সদস্যের পাশাপাশি মোবাইল কোর্ট, র‍্যাব, নৌ-পুলিশ এবং আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

ঘাটে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে পারাপারের মিশ্র চিত্র দেখা গেছে। লোকাল বাসে ঘাটে আসা যাত্রী সালমান মিয়া জানান, রাজবাড়ী যাওয়ার উদ্দেশ্যে নবীনগর থেকে লোকাল বাসে ঘাটে এসেছেন। ভেঙে ভেঙে আসায় তার তেমন ভোগান্তি হয়নি, তবে সরাসরি দূরপাল্লার পরিবহনে আসলে হয়তো ফেরির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। অন্যদিকে, কুষ্টিয়াগামী এক পরিবহনের যাত্রী আলমাস মিয়া জানান, সাধারণত এখন আর আগের মতো ভোগান্তি হয় না। তবে হঠাৎ ঝড়ের কারণে ফেরি বন্ধ থাকায় প্রায় ৩ ঘণ্টা ধরে তারা পারাপারের অপেক্ষায় আটকে আছেন।

/এমএকে/