শিরোনাম

ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩

পাবনা সংবাদদাতা
ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
গ্রেপ্তারকৃত ৩ আসামি। শুক্রবার দুপুরে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ের সামনে। ছবি: প্রতিনিধি

নির্মাণাধীন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ঠিকাদারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান। এর আগে, বৃহস্পতিবার (২১ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৯ মে দুপুরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন– পাবনা পৌর সদরের সাধুপাড়া ঝুটপট্টি এলাকার মাসুদ রানা ওরফে কিলার মাসুদ, একই এলাকার সজল আলী ও ইসমাইল হোসেন ওরফে নকশাল ইসমাইল।

মামলার বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, হেমায়েতপুরে আড়াইশ কোটি টাকা ব্যয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ চলছে। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রফিজ উদ্দিনের কাছে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের চাঁদা না দেওয়ায় গত ১৯ মে দুপুর ১টার দিকে অভিযুক্তরা নির্মাণাধীন ভবনে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিলে নিরাপত্তা কর্মী হাবিবুর ও ইমরানকে মারধর করে।

অফিসের ড্রয়ারে থাকা ১ লাখ টাকা নিয়ে দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই নিরাপত্তাকর্মীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ঠিকাদারী প্রতিষ্ঠান সাজিন কনস্ট্রাকশনের পাবনা অফিসের ব্যবস্থাপক রকিবুর রহমান বাদী হয়ে ২০ মে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসআর/