শিরোনাম

বিশাল ব্যবধানে জয় পেলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
বিশাল ব্যবধানে জয় পেলেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান (ছবি:সংগৃহীত)

বিভিন্ন বক্তব্যের কারণে আলোচিত বিএনপি নেতা এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বড় জয় পেয়েছেন। কিশোরগঞ্জ-৪ আসনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৯০৭ ভোট বেশি পেয়েছেন।

বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এক লাখ ৩২ হাজার ৫৫৩টি ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা পেয়েছে ৫৫ হাজার ৬৪৬ ভোট।

অ্যাডভোকেট ফজলুর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্যও হয়েছিলেন। শেষে তিনি বিএনপিতে যোগ দেন।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের আসন হিসেবে পরিচিত আসনটিতে স্বতন্ত্র, কৃষক শ্রমিক জনতা লীগ এবং বিএনপি থেকে বেশ কয়েক বার নির্বাচন করেও জয়ের মুখ দেখেননি ফজলুর রহমান । অবশেষে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তিনি বড় জয় পেলেন। নির্বাচনের প্রচারে তিনি ঘোষণা দিয়েছেন এটাই তার শেষ নির্বাচন।

ফজলুর রহমান বিএনপিতে থাকলেও দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে আলোচনায় আসেন। কয়েক মাস আগে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়েছিল। তবে শেষ পর্ষন্ত ধানের শীষের মনোনয়ন পান।

/বিবি/