শিরোনাম

হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় শিশু, বুকে জড়িয়ে বাঁচালেন বাবা

কিশোরগঞ্জ সংবাদদাতা
হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যায় শিশু, বুকে জড়িয়ে বাঁচালেন বাবা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে চলন্ত ট্রেনের নিচে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এক বাবা ও তার শিশু সন্তান। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে ভৈরব রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকাগামী ‘তিতাস কমিউটার’ ট্রেনটি ছেড়ে যায়। এ সময় এক দম্পতি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। নামার মুহূর্তে বাবার হাত ফসকে প্রায় এক বছরের শিশুটি ট্রেনের নিচে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে বাবা দ্রুত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গিয়ে নিজেও গড়িয়ে ট্রেনের নিচে পড়ে যান।

এ সময় বাবা শিশুটিকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের পাশ ঘেঁষে শুয়ে থাকেন। ট্রেনটি তাদের ওপর দিয়ে অতিক্রম করে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, একে একে আটটি বগি তাদের ওপর দিয়ে চলে গেলেও আশ্চর্যজনকভাবে তারা দুজনই অক্ষত থাকেন।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইয়িদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও আইনত নিরুৎসাহিত। এ ধরনের অসচেতনতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।এজন্য যাত্রীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।

ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয়দের সহায়তায় বাবা ও শিশুটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তারা কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাসিন্দা।

/এসআর/