শিরোনাম

তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়া সংবাদদাতা
তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ পরিপূর্ণ চালু ও যন্ত্রপাতি সচল করার বিষয়ে উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৭ জুন) কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটের কারণে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। সেই অবস্থা থেকে মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্যখাতে গতি আনা হবে।

তিনি বলেন, দেশের অনেক জেলায় অনিয়ম হয়েছে। সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। কাজ করলে জবাবদিহিতা থাকে, কিন্তু মানুষ যেন সেই বিষয়টিই ভুলে গিয়েছিল। জনগণের কাছে দায়বদ্ধ নেতৃত্ব ক্ষমতায় ছিল না। যারা রাতের অন্ধকারে ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি এবং প্রধানমন্ত্রী আমাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা কাজ করছি।

এ সময় জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসবি/