শিরোনাম

ঈদের ছুটিতে নিকলী হাওরে দর্শনার্থীদের ভিড়

কিশোরগঞ্জ সংবাদদাতা
ঈদের ছুটিতে নিকলী হাওরে দর্শনার্থীদের ভিড়
নিকলী হাওর

ঈদের ছুটিতে কিশোরগঞ্জের নিকলী হাওর এলাকায় বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বিশাল জলরাশি ও হাওরের দিগন্ত ছোঁয়া অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ সবাই। ঘুরতে এসে কেউ সময় কাটাচ্ছেন হাওরপাড়ে, আবার কেউ কেউ ছবি তুলছেন খোলা প্রান্তরে।

জানা যায়, কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মধ্যে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে নিকলী বেড়িবাঁধ। ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন মুহূর্ত বা ছুটি কাটাতে কিশোরগঞ্জের এ বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসেন পর্যটকরা। ২০০০ সালের দিকে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা সদরকে বর্ষায় ভাঙনের কবল থেকে রক্ষায় সরকার সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এছাড়া, উপজেলার ছাতিরচর গ্রামের ভাঙনরোধে রোপণ করা হয় হাজারো করচগাছ। হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সারাদেশের মানুষ বর্ষা মৌসুমে ছুটে আসে নিকলী হাওরে।

ঘুরতে আসা জুয়েল মিয়াসহ কয়েকজন দর্শনার্থী বলেন, শহরের যান্ত্রিক জীবন আর ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতেই নিকলী হাওরে এসেছি। এখানকার উন্মুক্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিকল্পিতভাবে পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে নিকলী হাওর দেশের গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যগুলোর একটি হয়ে উঠতে পারে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রেহানা মজুমদার মুক্তি জানান, নিকলীর বেড়িবাধঁ এলাকায় নিরাপদে ভ্রমণের জন্য নিরাপত্তা সংক্রান্ত সব ধরনের সুবিধা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের দেওয়া হচ্ছে।

/এসআর/