শিরোনাম

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

খুলনা সংবাদদাতা
খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে নাদিম ইসলাম। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম্মি বেগম আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী।

নাদিমের বোন বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি। আমি খুনির ফাঁসি চাই।

এলাকাবাসী জানান, নাদিম মাদকাসক্ত ছিল। নেশার টাকার জন্য সে মাকে পিটিয়ে হত্যা করেছে।

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। গাছের ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা খবর দিলে পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে আটক করে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিকভাবে আমরা খবর পাই, ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছে। এখন তদন্ত করে দেখতে হবে কী কারণে হত্যা করেছে। ছেলেকে আটক করা হয়েছে।

/এসআর/