শিরোনাম

খুলনায় গুলি করে যুবককে হত্যা

খুলনা সংবাদদাতা
খুলনায় গুলি করে যুবককে হত্যা
গুলি করার প্রতীকী ছবি। গ্রাফিকস সিটিজেন জার্নাল

খুলনায় ওমর ফারুক নামে এক যুবকের মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে নগরীর মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক সাতক্ষীরার মৃত ইব্রাহিম শেখের ছেলে।

পুলিশ জানায়, ওমর ফারুকের মাথায় ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নগরীর দৌলতপুর থানার ওসি মো. মুরাদুল ইসলাম জানান, নিহত ওমর ফারুক নগরীর খানজাহান আলী থানার জাব্দিপুর গ্রামে আবার কখনো দৌরতপুর থানার মহেশ্বরপাশা এলাকায় বসবাস করতেন। কখনো রাজশাহীতেও থাকতেন। মরদেহ উদ্ধারের পর তার বোনকে খবর দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, কারা ও কী কারণে ওমর ফারুককে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার বিরুদ্ধে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত কোনো মামলাও খুঁজে পাওয়া যায়নি। আমরা সবকিছু যাচাই-বাছাই করে দেখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে নগরীর লবণচরা থানার পুটিমারী বাজারে বিএনপি কার্যালয়ে ঢুকে বাজার কমিটির সভাপতি এবং যুবদলের সদস্য মাসুমবিল্লাহ ও জাহিদকে গুলি করা হয়।

/এসআর/