শিরোনাম

সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর রাজনীতি বন্ধ করবো: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর রাজনীতি বন্ধ করবো: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বুধবার তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মিরপুরে গণসংযোগ করেন ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানোর রাজনীতি আমরা বন্ধ করবো। ব্যবসায়ীদের ঘাড়ে চাঁদার বোঝা চাপিয়ে যারা জনগণের পকেট কাটে, তাদের আর ছাড় দেওয়া হবে না। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা হবে। কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী গণসংযোগ করার সময় তিন এসব কথা বলেন। দুপুরে উত্তর কাফরুল উচ্চবিদ্যালয় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।

দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন জামায়াতের আমির। এ বিষয়ে তিনি বলেন,‘সারা বাংলাদেশকেই আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে এগিয়ে নিয়ে চাই। আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।’

ঢাকা শহরকে নিরাপদ শহরে পরিণত করার প্রতিশ্রুতি দিয়ে মফিকুর রহমান বলেন, ‘ঢাকাকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবো; যেখানে জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। যানজটের অভিশাপ থেকে ঢাকাবাসীকে মুক্ত করা হবে। শিশু পার্ক, খেলার মাঠ ও সবুজায়ন নিশ্চিত করা হবে। একটি আধুনিক ও বাসযোগ্য রাজধানী তৈরি করা আমাদের প্রত্যয়। আমাদের পরবর্তী প্রজন্মকে সৎ, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন- এমন পরিবেশ তৈরি করা হবে। আধিপত্যবাদ মোকাবিলায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।’

যানজট সমস্যা সমাধানের উদ্যোগ এবং বাস চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনার কথা উল্লেখে করে জামায়াতের আমির বলেন,‘বাস রুট ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। ঢাকায় মেট্রোরেলের পরিসর আরও বাড়ানো হবে। ফুটপাত দখলমুক্ত করা হবে। মনে রাখবেন, যাদের চাঁদা তোলার মানসিকতা রয়েছে, তারা ফুটপাত দখলমুক্ত করতে চাইবে না। স্থানীয় রাস্তাগুলোর পরিকল্পিত ও টেকসই সংস্কার করা হবে। জাতীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মিরপুরকে ঢাকার সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা হবে।

সারা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘ঢাকায় নারীদের নিরাপত্তা আজ সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। মা-বোনেরা চলাচলে নিরাপদ বোধ করেন না। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং—সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ। আমরা নারীদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বো, ইনশাআল্লাহ। ঘর থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহন-সব জায়গায় নারীরা নিরাপদ থাকবে।’

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারব। এখানে অনেক সমস্যা আছে। জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের, ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়েই সমাধান করব।’

শফিকুর রহমান বলেন, ‘এই মিরপুর জুলাইয়ের দিনে অন্যায়ের বিরুদ্ধে দুর্গ হয়ে উঠেছিল। এই এলাকার মানুষ অন্যায় সহ্য করে না—ইতিহাস তার সাক্ষী। আজ আবার সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। আপনাদের সম্মান, নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।’

মিরপুরে গণসংযোগের সময় জামায়াতের আমিরের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মুসা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আজ বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মহিলাসমাবেশ করবেন শফিকুর রহমান। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদ (হারম্যান মেইনার স্কুলের পেছনে) গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে। আর এশার নামাজ পড়ে মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন তিনি।

/বিবি/