শিরোনাম

ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি। ছবি: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার সকালে চালানো ওই হামলায় তিনি নিহত হন। একই সঙ্গে এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হয়েছে। বিষয়টি ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।

মাজিদ খাদেমি আইআরজিসির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমির মৃত্যুর পর। কাজেমি ২০২৫ সালের ১৫ জুন ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে এক ইসরায়েলি হামলায় নিহত হন।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগেই খাদেমি অভিযোগ করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের পরিবেশ তৈরি করছেন।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় জানায়, খাদেমির নিহত হওয়া ইরানের জন্য ‘আরেকটি বড় ধাক্কা’। সাম্প্রতিক সংঘাতে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এ ধরনের ঘটনায় সাধারণত ইসরায়েল বা যুক্তরাষ্ট্র আগে দায় স্বীকার করে, এরপর ইরান তা নিশ্চিত করে। তবে এবার ব্যতিক্রম হয়েছে—ইরানই প্রথমে খাদেমির মৃত্যুর খবর প্রকাশ করে, পরে ইসরায়েল তা স্বীকার করে।

মাজিদ খাদেমি দায়িত্ব নেন তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমির মৃত্যুর পর। কাজেমি গত বছরের ১৫ জুন এক ইসরায়েলি হামলায় নিহত হন। তার মৃত্যুর চার দিন পর খাদেমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

/এমআর/