শিরোনাম

তেল না পেয়ে সড়ক অবরোধ মোটরসাইকেল চালকদের

সিটিজেন ডেস্ক
তেল না পেয়ে সড়ক অবরোধ মোটরসাইকেল চালকদের

জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলচালকেরা। এতে দুই ঘণ্টা বন্ধ থাকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত থেকেই শতাধিক মোটরসাইকেলচালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তবে সকালে দীর্ঘ সময় পার হলেও ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন তারা। একপর্যায়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন চালকেরা।

অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এক মোটরসাইকেলচালক গণমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি পাম্পে তেল আছে। তাই মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু সকালে এসে বলা হলো তেল নেই। এ তথ্য আগে জানানো হলে এত কষ্ট করতে হতো না।’

ফিলিং স্টেশনটির ম্যানেজার মিজান মিয়া বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম যে তেল নেই। ডিপো থেকে এখনো তেলের লরি আসেনি। লরি পৌঁছালে তেল সরবরাহ করা হবে।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে দেওয়া হয়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এসএ/