শিরোনাম
সরাসরি

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৭: ৫৩

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা তারা প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্ট করেছে—চাপ ও হুমকির পরিবেশে কোনো আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রয়োজন হলে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় ‘সর্বশক্তি’ প্রয়োগ করবে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগও তোলেন।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো প্রস্তাবটি সম্পর্কে বাঘাই বলেন, এটি ‘অযৌক্তিক’ এবং ইরানের জন্য গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, একদিকে আলোচনা প্রস্তাব দেওয়া হচ্ছে, অন্যদিকে সামরিক হুমকি অব্যাহত রাখা হচ্ছে—এ ধরনের পরিস্থিতিতে কোনো অর্থবহ সংলাপ সম্ভব নয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, যেকোনো সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।

১৭: ০৯

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় নিহত ৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় নিহত ৪
ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থলে জরুরি কর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স

ইসরায়েলের জরুরি চিকিৎসা ও উদ্ধার সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন।

সংস্থাটির বরাত দিয়ে জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া চারজনকেই উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী নারী, আশির কোঠায় থাকা একজন পুরুষ ও একজন নারী এবং চল্লিশোর্ধ্ব একজন পুরুষ রয়েছেন।

হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তৎপরতা চালান। হতাহতদের সন্ধানে কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৬: ৫৬

বেসরকারি অবকাঠামোয় হামলা হলে জবাব দেবে ইরান: আরাঘচি

বেসরকারি অবকাঠামোয় হামলা হলে জবাব দেবে ইরান: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটির বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে তার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে তেহরান।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল ব্যারোর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ কথা জানান।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের হুমকি ‘যুদ্ধাপরাধ ও গণহত্যাকে স্বাভাবিক করে তোলার’ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তার মতে, বেসামরিক স্থাপনায় হামলার হুমকি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে। একই সঙ্গে, চলমান সংকট সমাধানে কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান।

১৬: ৪২

ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য

ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য
ইরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাংশে হামলার ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসের সদস্য ইয়াসমিন আনসারি ইরানের রাজধানী তেহরানে অবস্থিত তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার তীব্র সমালোচনা করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি প্রশ্ন তোলেন, ‘এক কোটি মানুষের শহরে একটি বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে কেন হামলা চালানো হচ্ছে?’ তার মতে, এ ধরনের হামলা শুধু অবকাঠামো নয়, জ্ঞানচর্চা ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও আঘাত হানে।

আনসারি আরও বলেন, শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির মতোই। তিনি উল্লেখ করেন, এই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা বহু প্রকৌশলী পরবর্তীতে যুক্তরাষ্ট্রে গিয়ে প্রযুক্তিখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তার ভাষায়, ‘শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অসংখ্য দক্ষ প্রকৌশলী তৈরি করেছে, যারা পরে সিলিকন ভ্যালিতে কাজ করেছেন এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিষ্ঠা ও উন্নয়নে ভূমিকা রেখেছেন।’

উল্লেখ্য, সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত একটি বিশ্বখ্যাত প্রযুক্তি কেন্দ্র, যেখানে বহু শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সদর দপ্তর রয়েছে।

১৬: ৩৩

যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব প্রস্তুত করেছে ইরান

যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাব প্রস্তুত করেছে ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের জবাব প্রস্তুত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে একটি শান্তি প্রস্তাবের খসড়া পাকিস্তান তৈরি করে তা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আদান-প্রদান করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে বাঘাই বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে ১৫ দফা প্রস্তাব দিয়েছে, তা ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে মনে করছে তেহরান।

তিনি অভিযোগ করেন, একদিকে আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে হামলার হুমকিও দেওয়া হচ্ছে—যা পরিস্থিতিকে জটিল করে তুলছে।

বাঘাই আরও বলেন, ইরান নিজেদের জাতীয় স্বার্থ বিবেচনায় রেখেই এই প্রস্তাবের জবাব তৈরি করছে। তার ভাষায়, ‘আমরা শুরু থেকেই আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা কোনো রেডলাইন অতিক্রম করিনি এবং আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত রয়েছে।’