শিরোনাম

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জনের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে একজন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন– লেগুনার যাত্রী আজিজুল ইসলাম ও সাইফুল ইসলাম।

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। মৃত আজিজুলের বাড়ি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে। বাবার নাম সালাম মৃধা। তিনি একটি বেসরকারি কোস্পানিতে চাকরি করতেন। সাইফুলের বাসা গেন্ডারিয়া এলাকায়। বাবার নাম লোকমান খন্দকার। তিনি একটি মোটরপার্টসের দোকানে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে পথচারীরা ৩ জনকে হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ১০টার দিকে ২ জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নাম জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, আহত তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ২ জন মারা যায়। ঘটনার পরপরই বাহাদুর শাহ পরিবহন জব্দ কারা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

/এসআর/