শিরোনাম

জামায়াতের ডেপুটি স্পিকার: আলোচনায় তিন নাম

জামায়াতের ডেপুটি স্পিকার: আলোচনায় তিন নাম
ছবি: সিটিজেন গ্রাফিক্স

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে তিনি বলেন, জুলাই জাতীয় সনদের মর্যাদা রক্ষায় ডেপুটি স্পিকার নির্ধারণের বিষয়ে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আহ্বান জানানো হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কে ডেপুটি স্পিকার হচ্ছেন, এ বিষয়ে এখনো কিছু বলেননি দলটির শীর্ষ নেতারা। তবে জাতীয় সংসদের মর্যাদাপূর্ণ ওই পদকে ঘিরে জামায়াতের তিন নেতার নাম আলোচনায় এসেছে। এর মধ্যে রয়েছেন দলের একজন নায়েবে আমির এবং দুজন আইনজীবী সংসদ সদস্য।

এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, ডেপুটি স্পিকারের পদের বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে এখন পর্যন্ত কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে আমরা শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানাব।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ডেপুটি স্পিকার পদে জামায়াতের ভেতরে ও বাইরে যাদের নাম আলোচনা হচ্ছে, তাদের মধ্যে শীর্ষে রয়েছেন দলের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাবনা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মোমেন একজন মেধাবী আইনজীবী হিসেবে পরিচিত। তিনি তার বাবা নিজামীর যুদ্ধাপরাধ মামলাসহ মাওলানা আব্দুস সুবহানের মামলায় প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ভিআইপি আসন হিসেবে পরিচিত পাবনা-১ থেকে সর্বশেষ ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন শামসুল হক টুকু। একই আসন থেকে এর আগে মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, অধ্যাপক আবু সাইয়িদ এবং মেজর (অব.) মঞ্জুর কাদের।

সূত্রের দাবি, গুরুত্বপূর্ণ এই আসন থেকে নির্বাচিত হওয়ায় মোমেনকে জামায়াতের পছন্দের তালিকায় শীর্ষে রাখা হয়েছে।

এছাড়া সম্ভাব্য ডেপুটি স্পিকার হিসেবে জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত অধ্যাপক মুজিবুর রহমানের নামও আলোচনায় রয়েছে। তিনি দলের জ্যেষ্ঠ নেতা এবং ১৯৮৬ সালের সংসদে জামায়াতের সংসদীয় দলের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ডেপুটি স্পিকার হিসেবে ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমানের নামও শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আরমান তার পিতা মীর কাসেম আলীর মামলাসহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় প্রতিরক্ষা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রের দাবি, পূর্ববর্তী সরকারের আমলে প্রায় নয় বছর নিখোঁজ থাকার ঘটনার কারণে দলের অনেকের মধ্যে তার প্রতি সহানুভূতি রয়েছে। তবে দলের একটি অংশ মনে করছে, এ পদে বয়স ও অভিজ্ঞতায় জ্যেষ্ঠ কোনো সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়া হতে পারে।

/জেএইচ/