শিরোনাম

মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

নিজস্ব প্রতিবেদক
মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে একটি ঈদ নাটকের শুটিংয়ে মারধরের শিকার হয়েছেন বলে ফেসবুক লাইভে অভিযোগ করেন অভিনেত্রী সামিয়া অথৈ। তার দাবি, একটি চড়ের দৃশ্যকে কেন্দ্র করে তাকে মারধর করেছেন সহশিল্পী তানজিন তিশা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তানজিন তিশা। এই অভিনেত্রী জানান, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী।

তিশা বলেন, ‘আমি এতোক্ষণ শুটিং করছিলাম। আমি চাইনি দৃশ্যটা শেষ না করে কাজটা ফাঁসিয়ে দিতে। অথচ যে লাইভটা করেছে, সে কিন্তু ইউনিটকে ফাঁসিয়ে দিয়ে গেছে।’

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধু আমার চরিত্রটা প্লে করেছি। এখানে আমি একজন স্পেশাল চাইল্ড- আমি যেটাকে অটিস্টিক বলি। যে কি না চরিত্রের প্রয়োজনে মারতে পারে, কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে-এ রকম অনেক ঘটনা ঘটাতে পারে। কাজটা রিলিজ হলেই দেখতে পারবেন।’

তিশা আরও বলেন, ‘সে এমনভাবে লাইভ করেছে যেন আমি তাকে পারসোনালি অ্যাটাক করেছি।

এখানে পারসোনালি অ্যাটাকের কিছুই নেই, তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, চরিত্রের প্রয়োজনে করেছি। যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’

/টিই/