শিরোনাম

মাদকবিরোধী অভিযানে গিয়ে পরিদর্শক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
মাদকবিরোধী অভিযানে গিয়ে পরিদর্শক গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছিদ্দিকুর রহমান (৪০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনে এই ঘটনা ঘটে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপ-পরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের ৭টি ইউনিট এদিন মাদকবিরোধী অভিযানে বের হয়। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে এরপর যায় সায়দাবাদ এলাকায়।

তিনি জানান, সায়দাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারীকে শনাক্ত করে তাদের একজনকে জাপটে ধরেন ছিদ্দিকুর। এসময় মাদক কারবারি তার পকেটে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, ওই মাদক কারবারির নাম মাসুম বলে জানা গেছে। সে এই গুলি করেছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

/এফসি/