শিরোনাম

ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা, তুলছেন সেলফি

জ্যেষ্ঠ প্রতিবেদক
ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা, তুলছেন সেলফি
মতিঝিল আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সেলফি তোলেন দুই বন্ধু। ছবি: সিটিজেন জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে রাজধানীর ভোটকেন্দ্রগুলোয়। কুশল বিনিময়, চা পান, সেলফি তোলার মাধ্যমে বিশেষ মুহূর্তকে সংরক্ষণ করছেন অনেকে।

তেমনই একজন ভোটার মো. শিহাব। পেশায় চিকিৎসক। ঢাকা-৮ আসনের মতিঝিল আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে দুই বন্ধুর সঙ্গে তাকে সেলফি তুলতে দেখা যায়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মতিঝিল আইডিয়াল কলেজ কেন্দ্রে ভোট দেন ডা. শিহাব ও ডা. ইমামুল হাসান। অনেক আগে ভোটার হলেও এবার দুজন প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করে অত্যন্ত খুশি।

তারা জানান, আগের নির্বাচনে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পাননি। জীবনে প্রথমবারের মতো ভোট দিয়ে খুবই আনন্দ লাগছে।

এইমস হাসপাতালের চিকিৎসক ডা. শিহাব বলেন, আমি অনেক আগেই ভোটার হয়েছি। কিন্তু কোনো নির্বাচনেই আমার ভোট আমি নিজে দিতে পারিনি। শুনেছি অন্যরা আমার ভোট দিয়ে দিয়েছে। এ কারণে কেন্দ্রে যাওয়ার আগ্রহও ছিল না। নিজের ভোট নিজে দেওয়া একটি মৌলিক অধিকার। সেই অধিকার এবার প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। স্মৃতি হিসেবে সেলফি তুলেছি।

তিনি আরও বলেন, চব্বিশের আন্দোলনের পর আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এবার মনে হয়েছে আমার অধিকার হরণ হয়নি।

হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক ডা. ইমামুল হাসানও একই অনুভূতির কথা জানান। তিনি বলেন, আমিও জীবনে প্রথমবার ভোট দিয়েছি। আমরা দুই বন্ধু একসঙ্গে এই কেন্দ্রে ভোট দিয়েছি। এতদিন যে আনন্দ থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল, আজ সেটা অনুভব করেছি।

তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব– এই স্লোগান এবার বাস্তবে পরিণত হয়েছে। কাকে ভোট দিয়েছি সেটা বলব না। তবে ভোটের পরিবেশ ভালো লেগেছে।

ডা. ইমামুল হাসান আরও বলেন, ভোটের শুরু যেমন সুন্দরভাবে হয়েছে, শেষ পর্যন্ত যেন একই সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়, এটাই আমাদের প্রত্যাশা।

মতিঝিল আইডিয়াল কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নুরুল ইসলাম বলেন, এখানে ১ হাজার ৯১৫ জন ভোটার। শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে।

/এফসি/