শিরোনাম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ তদন্তে তিন কমিটি

কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ তদন্তে তিন কমিটি
দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর উপজেলায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দুুইটি তদন্ত কমিটি গঠন করেছে। আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এসব কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২২ মার্চ) সকালে রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বিভাগীয় এবং অপরটি জোনাল পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া কুমিল্লার জেলা প্রশাসন পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।

জানা গেছে, বিভাগীয় পর্যায়ের ৬ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান। অপরদিকে, জোনাল পর্যায়ের ৬ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে।

বিভাগীয় তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন– বিভাগীয় প্রকৌশলী-১ আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) মো. রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. আশিকুর রহমান, বিভাগীয় মেডিকেল অফিসার ডা. তাহামিনা ইয়াছমিন এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কমান্ড্যান্ট মো. শহীদ উল্লাহ।

অন্যদিকে, জোনাল তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) সাদেকুর রহমান, চিফ সিগন্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) তারেক মোহাম্মদ শামছ তুষার, চিফ মেডিকেল অফিসার (পূর্ব) ডা. ইবনে সফি আব্দুল আহাদ এবং চিফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) মো. জহিরুল ইসলাম।

বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, দুটি তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া কুমিল্লার জেলা প্রশাসন এ ঘটনায় পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে জেলা প্রশাসন থেকে।

জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে। তদন্ত কমিটির অন্য চার সদস্য হলেন– কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাহাব উদ্দিন এবং কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক ইকবাল হোসন।

জেলা প্রশাসক জানান, আহত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া আহত ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে ।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টায় কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ১২ জন নিহত হন এবং আহত হন আরও কয়েকজন যাত্রী।

/এসআর/