শিরোনাম

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনা তদন্তে দুটি কমিটি, দুই গেটম্যান বরখাস্ত

বিশেষ প্রতিনিধি
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনা তদন্তে দুটি কমিটি, দুই গেটম্যান বরখাস্ত
কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে শনিবার বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এই ঘটনায় কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার (২২ মার্চ) রেলওয়ে সূত্রে এই তথ্য জানা গেছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত কমিটিগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এসব কমিটিতে ছয়জন করে মোট ১২ জন সদস্য রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে বিভাগীয় তদন্ত কমিটি ও চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ সফিকুর রহমানকে প্রধান করে আঞ্চলিক পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হন ১০ জন। দুর্ঘটনার পরপর ওই রুটে তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

/বিবি/