শিরোনাম

গাবতলী-মহাখালী বাস টার্মিনালে উপচেপড়া ভিড়, মিলছে না টিকিট

নিজস্ব প্রতিবেদক
গাবতলী-মহাখালী বাস টার্মিনালে উপচেপড়া ভিড়, মিলছে না টিকিট
গণপরিবহনে যাত্রীদের ভিড়। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েক গুণ। তবে যাত্রীদের ভিড়ের কারণে দূরপাল্লার বাসের টিকিট মিলছে না। ফলে অনিশ্চয়তা ও ভোগান্তিতে ঘরমুখো মানুষরা।

গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, বাস আছে; কিন্তু পর্যাপ্ত সিট নেই। অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় রানিং বাসে সিট পাওয়া যাচ্ছে না। সকাল থেকে টার্মিনালে অপেক্ষা করেও অনেক যাত্রী কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট পাচ্ছেন না। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

এসপি গোল্ডেন লাইনের টিকিট বিক্রেতা মেহেদী হাসান বলেন, রানিং গাড়িতে অন্য বছরের তুলনায় যাত্রীর চাপ বেশি। ফলে সব যাত্রীকে সিট দেওয়া সম্ভব হচ্ছে না। সকাল থেকেই ঢাকা-সাতক্ষীরা রুটে কয়েকটি বাস ছেড়ে দেওয়া হলেও অতিরিক্ত যাত্রী সামাল দেওয়া যাচ্ছে না।

একই চিত্র হানিফ পরিবহনেও। এই পরিবহনের ব্যবস্থাপক মোহাম্মদ মল্লিক বলেন, অনলাইনে আগেই অধিকাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। ফলে কাউন্টারে এসে অনেক যাত্রী টিকিট পাচ্ছেন না। গার্মেন্টস ছুটির কারণে হঠাৎ যাত্রীর চাপ বেড়েছে।

যাত্রী

কামরুল ইসলাম নামে এক যাত্রী গণমাধমকে বলেন, অনলাইনে টিকিট না পেয়ে গাবতলী এসে সকাল থেকে মেহেরপুর যাওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনো বাসে সিট পাচ্ছি না। শেষ পর্যন্ত বিকল্প হিসেবে আরিচা হয়ে ভেঙে ভেঙে বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি।

মহাখালী বাস টার্মিনালেও সকাল থেকে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্রতিটি বাস অতিরিক্ত যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাচ্ছে। কেউ আগেভাগে টিকিট সংগ্রহ করলেও অনেকেই শেষ মুহূর্তে লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন।

ঈশ্বরগঞ্জ পরিবহনের কাউন্টার মাস্টার রেজাউল করিম বলেন, ভোর থেকে সকাল পর্যন্ত যাত্রীর চাপ বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে কিছুটা কমেছে। গাড়ি আসার সঙ্গে সঙ্গে দ্রুত টিকিট দেওয়া হচ্ছে।

শ্যামলী বাংলা পরিবহনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, আজ যাত্রীর চাপ অনেক বেশি। অগ্রিম টিকিটধারীরা সহজে যাত্রা করতে পারলেও স্পট টিকিট পাওয়া কঠিন হয়ে পড়েছে।

হানিফ পরিবহনের চালকের সহকারী সোহাগ বলেন, যাত্রীর চাপের পাশাপাশি সড়কে যানজটও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতে বাস সময় মতো আসা-যাওয়া করতে পারছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনাল এলাকায় র‍্যাব ও পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে।

/এসআর/