শিরোনাম

মধ্যরাতে ঢামেকের গেটে প্রাইভেটকার চাপায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মধ্যরাতে ঢামেকের গেটে প্রাইভেটকার চাপায় বৃদ্ধার মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সিটিজেন জার্নাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) হাসপাতালের গেটে প্রাইভেটকার চাপায় অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

এর আগে, গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে আসা কামরান মোল্লা নামে এক প্রত্যক্ষদর্শী জানান, তাদের বাসা বাড্ডায়। বুধবার রাত ৩টার দিকে এক জরুরি রোগী নিয়ে হাসপাতালে এসেছিলেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের গেট দিয়ে ঢুকার সময় পুলিশ ক্যাম্পের সামনে রাস্তায় বস্তা মুড়িয়ে শুয়ে ছিল ওই বৃদ্ধা নারী। তবে প্রাইভেটকার চালক আলম সেটি বুঝতে পারেনি। সে ভেবেছিল, খালি বস্তা ফেলে রেখেছে কেউ।

তিনি আরও জানান, গাড়ির ভেতর জরুরি রোগী থাকায় প্রাইভেটকার চালক দ্রুত সেটির উপর দিয়েই চলে আসে। পরে বুঝতে পেরে গাড়ি থামিয়ে ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন ভোর সাড়ে ৫টার দিকে ওই বৃদ্ধা মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, অভিযুক্ত গাড়ি চালক আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

/এফআর/