শিরোনাম

দেশে পৌঁছেছে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

সিটিজেন ডেস্ক
দেশে পৌঁছেছে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এক বাংলাদেশি অভিবাসী শ্রমিকের মরদেহ গ্রহণ করেছেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরাকের বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৯ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ গ্রহণ করেন। একই সঙ্গে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ সদর উপজেলার বাকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার ছেলে মোহাম্মদ শ্রাবন ১০ বছর ধরে বাগদাদে বসবাস ও কাজ করছিলেন। সম্প্রতি সেখানে এক ক্ষেপণাস্ত্র হামলায় তার অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ তত্ত্বাবধানে বুধবার (২৭ মে) বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-০৮৪৩ ফ্লাইটে তার মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়। তুরস্কে যাত্রাবিরতির পর ভোর ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিহত শ্রাবনের মরদেহ তার বাবা, স্ত্রী ও মেয়ের কাছে হস্তান্তর করা হয়। এ সময় দাফন ও পরিবহন ব্যয়ের জন্য ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা ও অন্যান্য আর্থিক সহায়তা পরিবারের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ সময় বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএকে/