শিরোনাম

ঈদ শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

সিটিজেন ডেস্ক
ঈদ শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ।

পবিত্র ঈদের ছুটি শেষ না হলেও প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। আগামী সোমবার (১ জুন) থেকে সব অফিস-আদালত পুরোদমে খুলে যাচ্ছে। তাই শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে এবং হাতে পর্যাপ্ত সময় রেখে আগেভাগেই নগরীতে ফিরছেন অনেকে।

আজ শনিবার (৩০ মে) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, ঈদফেরত যাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চারপাশ। তবে এবার কেবল ঢাকায় ফেরার তাড়াই নয়, উল্টো চিত্রও দেখা গেছে স্টেশনটিতে। এখনো অনেকেই ঢাকা ছেড়ে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ফলে স্টেশনজুড়ে তৈরি হয়েছে দুইমুখী যাত্রীদের এক চিরচেনা ব্যস্ততা। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও যাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

স্টেশনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, সকালের দিকে ঢাকায় ফেরা মানুষের চাপ বেশ ভালোই ছিল, যা বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমেছে। তবে এটি কেবল ফেরার শুরু মাত্র। ছুটি শেষে সবাই একসঙ্গে ফিরতে শুরু করলে আগামী দুই-একদিনের মধ্যে স্টেশনটিতে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হবে এবং তখন পা ফেলার জায়গা পাওয়াও কঠিন হয়ে দাঁড়াবে।

/এমএকে/