শিরোনাম

পটুয়াখালীতে সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালীতে সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী মরিয়ম বেগম দীর্ঘ প্রায় আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় আটদিন আগে তিনি দেশে ফেরেন। দেশে আসার পর স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে মরিয়মকে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, ভোররাতে নাসির উদ্দিন তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সকালে এলাকাবাসী বাড়িতে গিয়ে আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

/এমআর/