শিরোনাম

কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপি

বিশেষ প্রতিনিধি
কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপি
কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার বিতরণ করেন আনসার-ভিডিপির কর্মকর্তারা।

রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ কালশী বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক হাজার ২৫০ জন অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আজ ৩০ মে বাহিনীর মহাপরিচালকের বিশেষ মানবিক বিবেচনায় বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এর আগে সোমবার (২৫ মে) সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে কালশী বস্তির অসংখ্য ঘরবাড়ি পুড়ে যায় এবং শত শত পরিবার তাদের সহায়-সম্বল হারিয়ে মানবেতর পরিস্থিতির সম্মুখীন হয়। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চরম সংকটে দিন কাটাচ্ছিল। ঈদুল আযহার আনন্দমুখর আবহের মধ্যেও বস্তিবাসীদের এমন মৌলিক সংকটের সময়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

এ খাবার বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে এলাকাটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মানবিক দায়িত্ব ও স্বেচ্ছাসেবা মূলক কার্যক্রমে বাহিনীর ৪১ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং ৩৫ জন টিডিপি সদস্য-সদস্যা নিয়োজিত ছিলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সব সময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল মাঠে আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন বাহিনীর পরিচালক (উইং) শুভ্র চৌধুরী।

এছাড়াও ঢাকা মহানগর আনসার (পশ্চিম) জোনের অধিনায়ক উপপরিচালক আরিফুর রহমান, ঢাকা মহানগর আনসার (দক্ষিণ) জোনের অধিনায়ক উপপরিচালক মো. কামরুজ্জামানসহ বিভিন্ন থানার আনসার-ভিডিপি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমটি তদারকি করেন।

/এমএকে/