শিরোনাম

উত্তরার হাটে রোনালদো, তেজগাঁওয়ে মরুভূমির জাহাজ

নিজস্ব প্রতিবেদক
উত্তরার হাটে রোনালদো, তেজগাঁওয়ে মরুভূমির জাহাজ
রাজধানীর গরুর হাট। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীতে কোরবানির পশুর অস্থায়ী হাটগুলো ধীরে ধীরে জমে উঠছে। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে ছোট, মাঝারি ও বড় গরু এনেছেন বিক্রেতারা। এর পাশাপাশি খাসি, উট, মহিষও উঠেছে হাটে।

উত্তরার দিয়াবাড়ির বউবাজার এলাকায় বসেছে বিশাল হাট। জানা গেছে, ৩০ হাজারের বেশি গরু উঠেছে এই হাটে। বিক্রেতারা জানিয়েছেন, অতিরিক্ত গরম এবং বৃষ্টিপাতের কারণে হাটে ক্রেতা আসছে কম।

রবিবার (২৪ মে) দুপুরে অতিরিক্ত গরমে হাটের ২ নম্বর হাসিল কাউন্টারের সামনে প্রায় ২০ মণ ওজনের একটি গরু হিট স্ট্রোকে আক্রান্ত হয়। এরপর মাঠেই গরুটি জবাই করা হয়। গরুর মালিক মো. টিটন বলেন, ৫ লাখ টাকা দাম চেয়েছিলাম। কিন্তু মারা যাওয়ার আগে ১ লাখ ৬৫ হাজারে বিক্রি করতে হয়েছে। ১৮ মাস ধরে গরুটা পেলেছি। আমার ঈদ মাটি হয়ে গেল।

এই হাটের বিশেষ আকর্ষণ কালামানিক, রোনালদো ও কিম জং উন। এই গরুগুলোসহ প্রায় ১০০টি মহিষ এনেছে নেদারল্যান্ডস ডেইরি লিমিটেড।

প্রতিষ্ঠানটির প্রতিনিধি ডা. সাকিব জানান, কালামানিকের দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। রোনালদোর দাম ৭ লাখ আর কিম জং উনের দাম ৪ লাখ টাকা।

রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক মাঠের হাটে উঠেছে ‘মরুভূমির জাহাজ’ বিশালাকার উট। যশোরের বেনাপোলের ফিরোজ আল মামুন ডেইরি ফার্ম এনেছে ৪টি উট। খামারের প্রতিনিধি মোহাম্মদ শান্ত মিয়া বলেন, এরই মধ্যে ২৫ লাখ টাকায় একটি উট বিক্রি হয়েছে। তবে এত দামে বিক্রি করেও পোষাচ্ছে না।

তিনি জানান, উট আলু, গম, ভুট্টা, ছোলা ও ভুসি খায়। প্রতিটি উটের পেছনে দৈনিক খাদ্য ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় ২ হাজার টাকা খরচ হয়। মধ্যপ্রাচ্যে যে উট ৪ থেকে ৫ লাখ টাকায় পাওয়া যায়, বাংলাদেশে তা আনতেই অনেক খরচ হয়ে যায়। ৩০০ শতাংশ পর্যন্ত ট্যাক্স দিতে হয়। দুই বছরের লালনপালন খরচ হিসাব করলে লাভ খুব কমই থাকে।

/এফসি/