শিরোনাম

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই চিরচেনা যানজট

নিজস্ব প্রতিবেদক
ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী, নেই চিরচেনা যানজট
ফাঁকা রাজধানীর সড়ক।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে নগরবাসী। এতে রাজধানীর ব্যস্ত সড়কে নেই সেই চিরচেনা যানজট।

মঙ্গলবার (২৬ মে) ঈদের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সাধারণ সময়ের তুলনায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। যেসব সড়কে প্রতিদিন দীর্ঘ যানজট দেখা যায়, সেসব এলাকার বেশিরভাগ রাস্তাই ছিল প্রায় ফাঁকা। বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোকে দীর্ঘ সময় স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষা করতে দেখা গেছে। অনেক বাস কম যাত্রী নিয়েই চলাচল করছে।

পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই যাত্রীর সংখ্যা কমতে শুরু করেছে।

সদরঘাট-উত্তরা রুটে চলাচলকারী ভিক্টর বাস চালক আল-আমিন বলেন, সাধারণ দিনে সকালে বাসে দাঁড়ানোর জায়গাও থাকে না। তবে এখন দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পূর্ণ হচ্ছে না। অধিকাংশ মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায় যাত্রীচাপ অনেকটাই কমে গেছে।

অন্যদিকে, গণপরিবহন কম থাকলেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চলাচল তুলনামূলক বেশি দেখা গেছে। বিশেষ করে প্রাইভেটকারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

সড়কে যানবাহনের চাপ কম থাকায় অধিকাংশ এলাকায় ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। অনেক স্থানে যান নিয়ন্ত্রণে অতিরিক্ত চাপের মুখে পড়তে হয়নি তাদের।

/এসবি/