হামলার পর ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে যা দেখা গেল

হামলার পর ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে যা দেখা গেল
হামলার পর মিরপুর ১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনের সামনের কাচের দেয়ালের বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখা যায়। ছবি: সিটিজেন জার্নাল

রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজের বিপরীত পাশে অবস্থিত পাঁচতলা বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবন। ভবনটির প্রবেশদ্বারে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য কাচের টুকরো। সামনের অংশের কাচের দেয়ালের বেশ কয়েকটি জায়গা ভাঙা। ভবনের ভেতরে ও বাইরে পড়ে আছে দুটি ভাঙা মোটরসাইকেল। লিফটের সামনেও ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরো। ভবনের সিঁড়ি ও দেয়ালে লেগে আছে রক্তের দাগ।

এই ভবনের চতুর্থ তলায় রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়।

বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারীর ভাষ্য, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০ থেকে ২৫ জন পুরুষ ও শতাধিক নারী ইটপাটকেল এবং দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ে থাকা লোকজনের ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হন।

হামলার পর বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনের সামনের কাচের দেয়ালের বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখা যায়। ছবি: সিটিজেন জার্নাল
হামলার পর বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনের সামনের কাচের দেয়ালের বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় দেখা যায়। ছবি: সিটিজেন জার্নাল

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০০ জনের একটি দল লাঠিসোঁটা, ইটপাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভবনের নিচে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে ঢুকতে পারেননি।

এর আগে সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপির কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

হামলার পরে ভবনের সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখা যায়। ছবি: সিটিজেন জার্নাল
হামলার পরে ভবনের সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখা যায়। ছবি: সিটিজেন জার্নাল

বুধবার (১৮ নভেম্বর) বিকাল ৩টার দিকে সরেজমিনে দেখা যায়, প্রবেশপথ থেকেই ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসংখ্য কাচের টুকরো চোখে পড়ে। ভবনের সামনের অংশের কাচের দেয়ালের বিভিন্ন জায়গা ভাঙা। ভবনটিতে প্রশাসকের কার্যালয় ছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক, আই টেক অ্যান্ড কনসালটেন্সি, সম্মিলিত ইসলামী ব্যাংক, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।

ভবনের ভেতরে প্রবেশ করে দেখা যায়, সাতটি সিঁড়ির ধাপ পার হওয়ার পর ডান পাশে রয়েছে লিফট। লিফটের পাশেই ওপরের তলাগুলোতে ওঠার সিঁড়ি। এসব জায়গায় ভাঙা ইট ও কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সিঁড়ি ও দেয়ালেও দেখা যায় রক্তের দাগ। ভবনের সামনের ডান পাশে পড়ে থাকতে দেখা যায় কয়েকটি লাঠিসোঁটা। খোঁজ নিয়ে জানা গেছে, হামলাকারীরা এগুলো ফেলে রেখে চলে গেছেন।

হামলার পর ভবনের প্রবেশপথ ও ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা কাচের টুকরো। ছবি: সিটিজেন জার্নাল
হামলার পর ভবনের প্রবেশপথ ও ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ভাঙা কাচের টুকরো। ছবি: সিটিজেন জার্নাল

এদিকে ভবনের চতুর্থ তলায় প্রশাসকের কার্যালয়ে যেতে চাইলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। ভবনের সামনে ২৫ থেকে ৩০ জন বিএনপির নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়।

সোশ্যাল ইসলামী ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিস সহকারী সিটিজেন জার্নালকে জানান, সকাল ৯টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে যাওয়ার পাঁচ মিনিট আগেই মূলত ভাঙচুর শুরু হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে তিনি ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগও ছিল। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে তিনি নিজে দেখেছেন এবং আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।

তিনি বলেন, ‘আমি অফিসে আসার পর ২০ থেকে ৩০ জনের একটি দলকে লাঠিসোঁটা ও গাছের ডাল নিয়ে চলে যেতে দেখেছি। তাদের দেখে পোশাকশ্রমিক মনে হয়নি।’ এ ছাড়া ভবনের সিসি ক্যামেরাও ভেঙে ফেলা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভবনটিতে হামলা চালানো হয়েছে। এ ঘটনার পেছনে আওয়ামী লীগের লোকজন জড়িত বলে অভিযোগ করেন তারা।

বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে ভবনটি পরিদর্শনে আসেন মিরপুর থানা যুবদলের আহ্বায়ক মো. শাকিল মোল্লা। এ সময় ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে বিষয়টি স্পষ্ট করে বলতে পারছি না। কারণ, আমি সবেমাত্র এখানে এসেছি। পরবর্তী সময়ে বিস্তারিত জানতে পারলে এ বিষয়ে বলা যাবে।’

ঘটনার সময় বা এর কাছাকাছি সময়ে তিনি সেখানে ছিলেন না জানিয়ে শাকিল মোল্লা বলেন, অনলাইনে খবর দেখে তিনি সেখানে এসেছেন।

তিনি আরও বলেন, ‘খুব সম্ভবত শ্রমিকদেরই দুটি গ্রুপ কাফরুল এলাকায় সংঘাতে লিপ্ত হয়েছিল। সেখানে তাদের মধ্যে ইটপাটকেল বা লাঠিসোঁটা দিয়ে ঢিল ছোড়াছুড়ি হয়েছে।’

প্রশাসকের কার্যালয়ে হামলার কারণ কী হতে পারে, তা এখনো স্পষ্ট নয় বলেও জানান তিনি। বিভিন্ন তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে বলে মন্তব্য করেন এই যুবদল নেতা।

এ ঘটনায় ডিএনসিসি প্রশাসক জানান, এটি তার ব্যক্তিগত কার্যালয়। যারা হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ ছাড়া গার্মেন্টসকর্মীদের নামে ফ্যাসিস্টরা নৈরাজ্য করছে বলেও অভিযোগ করেন তিনি।

/এমআর/