বিএনপির সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, নিহত ২

নড়াইল সংবাদদাতা
নড়াইল সংবাদদাতা
বিএনপির সন্ত্রাসবিরোধী শোভাযাত্রায় আওয়ামী লীগের হামলা, নিহত ২
নিহত শাহিনুর ইসলাম ও সোহেল রানা

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বিএনপির ২ নেতা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধায় উপজেলার বেন্দার-চর বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে আগে থেকেই ওৎ পেতে থাকা ৩০০ থেকে ৪০০ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী হামলা চালায়।

এতে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫) আহদ হন। তাদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে মারা যান।

এ বিষয়ে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে।

কালিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, বিএনপির নেতাকর্মীদের মোটরশোভাযাত্রার পিছনে আতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে তারা মাত্রাতিরিক্ত মারধর করে। পরে তারা দুজন মারা যায়। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যারা ধর্মঘট ডাকছে, তারা এবং তাদের সমর্থকেরা ঘটনার জন্য দায়ী।

কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিন হালদার বলেন, ‘তিনি শুনেছেন লোক মারা গেছে। বিস্তারিত পরে জানা যাবে।’

/জেএইচ/