চট্টগ্রামজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৩৯

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৮৩৯
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৮৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এদের মধ্যে ৭৩ জন নিয়মিত মামলায়, ১০৭ জন পূর্ববর্তী মামলায়, ৩৮ জন পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১১৭ জন, সাজা পরোয়ানামূলে ১৯ জন, মাদক মামলায় ৫৭ জন, নিয়মিত ও অন্যান্য মামলায় ৪২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ৫ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ৩৪টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ২৮ হাজার ৬৫৪ পিস ইয়াবা, ১৩০ লিটার চোলাই মদ, ২৫ কেজি ৫২০ গ্রাম গাঁজা, ১৫ বোতল বিয়ার, এক বোতল হুইস্কি, ৫টি ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ১৬৮ গ্রাম ট্যাপেনটাডল পাউডার উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭২ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রামে ১৪, কক্সবাজারে ৯, কুমিল্লায় ১৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৪, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ৫, লক্ষ্মীপুরে ২, রাঙামাটিতে ১, খাগড়াছড়িতে ৩ এবং বান্দরবানে ১ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২১১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৭৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে কক্সবাজারে ১৬, কুমিল্লায় ১১৯, চাঁদপুরে ৫, নোয়াখালীতে ২, লক্ষ্মীপুরে ২০, রাঙামাটিতে ২, খাগড়াছড়িতে ১৩ এবং বান্দরবানের ১ জন রয়েছেন।

জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

/জেএইচ/