শিরোনাম

জবিতে প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান

জবি প্রতিনিধি
জবিতে প্রথমবারের মতো ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান
সম্মাননাপ্রাপ্ত ৪ শিক্ষক। ছবি: সিটিজেন জার্নাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাসে প্রথমবারের মতো গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ থেকে মোট চারজন শিক্ষক এ সম্মাননা লাভ করেন।

বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা দপ্তরের আয়োজনে শহিদ সাজিদ ভবনের মিনি কনফারেন্স হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বিজয়ী শিক্ষকদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও চেক তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন— বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর, বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাছিনা আক্তার।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অ্যাওয়ার্ড প্রবর্তন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যা শিক্ষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়নে একটি ‘র‌্যাংকিং ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করা হবে।

গবেষণা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও দপ্তর প্রধানরা বক্তব্য রাখেন।

বক্তারা গবেষণায় সম্পৃক্ততা বাড়াতে পর্যাপ্ত সময় ও প্রণোদনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে ‘অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’, ‘বেস্ট আর্টিকেল অ্যাওয়ার্ড’সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পুরস্কার চালুর আহ্বান জানান।

/এফআর/