শিরোনাম

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ। মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, বিদ্যুৎ বিভাগের নতুন সচিব দায়িত্ব পাওয়া মিরানা মাহরুখ বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে লোকপ্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদান করেন তিনি।

কর্মজীবনে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি মিরানা মাহরুখ হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিসে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও কাজ করেছেন।

/এফআর/