শিরোনাম

দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ২০ জেলায় ঝড়ের শঙ্কা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
দেশজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ২০ জেলায় ঝড়ের শঙ্কা
প্রতীকী ছবি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে ঢাকাসহ দেশের দেশের ২০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট, দেশের আট বিভাগেরই বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।

অন্যদিকে, বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকাসহ দেশের দেশের ২০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এমন পরিস্থিতিতে, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এফআর/