শিরোনাম

বড় পর্দায় মিসর-আর্জেন্টিনা ম্যাচ দেখানো ব্যক্তিকে হত্যা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বড় পর্দায় মিসর-আর্জেন্টিনা ম্যাচ দেখানো ব্যক্তিকে হত্যা
মিসরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি

গাজায় ইসরায়েলি হামলায় মিসরীয় ত্রাণ কমিটির জনসংযোগ পরিচালক ও প্রবীণ সমাজনেতা মোহাম্মদ ফাওয়াজ আল-ওয়াহিদি নিহত হয়েছেন। হামলার সময় তিনি গাজাবাসীর জন্য বড় পর্দায় মিসর-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ প্রদর্শনের আয়োজনের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে ফিলিস্তিনি গণমাধ্যম।

ফিলিস্তিনভিত্তিক প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার এবং আরবি পোস্ট জানিয়েছে, মঙ্গলবার গাজা সিটির আল-সাবরা এলাকায় একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে আল-ওয়াহিদির পাশাপাশি এক শিশুসহ আরও দুজন নিহত হন। আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মিসর ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপের একটি ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটে। মিসরীয় ত্রাণ কমিটি গাজা শহরের বাসিন্দাদের জন্য বড় পর্দায় ম্যাচটি দেখানোর আয়োজন করছিল এবং সেই কার্যক্রমের সমন্বয়ের দায়িত্বে ছিলেন আল-ওয়াহিদি।

ত্রাণ কমিটির এক মুখপাত্র জানান, আল-ওয়াহিদি শুধু জনসংযোগ পরিচালকই ছিলেন না, গাজা সিটিতে প্রবীণদের একটি সংগঠনের কার্যালয়ের পরিচালকের দায়িত্বও পালন করতেন।

জানা গেছে, হামলার কিছুক্ষণ আগে তিনি আল-সাবরা এলাকায় একটি স্থানীয় বিরোধ নিষ্পত্তি বৈঠকে অংশ নিয়েছিলেন। বৈঠক শেষে প্রশাসনিক ভবনের কাছাকাছি পৌঁছালে তাঁর বহনকারী গাড়িতে হামলা চালানো হয়।

কমিটির মুখপাত্র বলেন, আল-ওয়াহিদি সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। মানুষের সেবা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তিনি সবার কাছে পরিচিত ছিলেন।

এদিকে মঙ্গলবার গাজাজুড়ে পৃথক ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত সাতজনে পৌঁছেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এসব হামলায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ নাসের হাসপাতালের চিকিৎসাকর্মী ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, একই দিনে খান ইউনিস ও উত্তর গাজায় পৃথক ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উদ্যোগে গঠিত মিসরীয় ত্রাণ কমিটি গাজায় খাদ্য বিতরণ, ধ্বংসস্তূপ অপসারণ, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়শিবির পরিচালনাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি বড় পর্দায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ প্রদর্শনের আয়োজনের জন্যও সংস্থাটি পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, কায়রোতে যখন আঞ্চলিক যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছিল, ঠিক সেই সময় এ হামলার ঘটনা ঘটে। হারেৎজ জানিয়েছে, এ ঘটনায় মিসর সরকার কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং ঘটনার ব্যাখ্যা ও জবাব চেয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপরও গাজায় একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর গত আট মাসে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৭২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩ হাজার ৪৬৩ জন আহত হয়েছেন।

/এমআর/