শিরোনাম

জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ

রংপুর সংবাদদাতা
রংপুর সংবাদদাতা
জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ
রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়ন জামায়াতের নেতা বাতেন মিয়া। ফাইল ছবি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে । এ ঘটনায় আমিনুল ইসলাম নামে ভুক্তভোগী এক ব্যক্তি নিরাপত্তা চেয়ে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ওই লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম তার জমিতে সোমবার (৬ জুলাই) সকালে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ করছিলেন। এই সময় তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন জামায়াতের ওই নেতা।

ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, সোমবার সকালে শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুর গ্রামের বাসিন্দা ও জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড সদস্য বাতেন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১১ জন দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা আমিনুল ইসলামসহ তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

আমিনুল ইসলাম বলেন, ‘আমি বৈধভাবে এই সম্পত্তির মালিক। সেখানে সীমানা প্রাচীর নির্মাণ করছিলাম। দলের প্রভাব খাঁটিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে জামায়াত নেতা বাতেন মিয়া। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অভিযুক্ত জামায়াত নেতা বাতেন মিয়া বলেন, ‘আমার যা করণীয় আছে তাই করব, সেটা আপনাকে আমি বলব না।’

উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান অভিযোগের বিষয়ে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমার নজরে আসলে দেখব।’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল ইতিমধ্যে পুলিশ পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/বিবি/