শেয়ারবাজারে অ্যানথ্রপিকের ঐতিহাসিক উত্থান, তহবিল ছাড়ালো ৮১ বিলিয়ন ডলার

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
শেয়ারবাজারে অ্যানথ্রপিকের ঐতিহাসিক উত্থান, তহবিল ছাড়ালো ৮১ বিলিয়ন ডলার

ইলন মাস্কের স্পেসএক্সের গড়া রেকর্ড মাত্র পাঁচ মাসের ব্যবধানেই ভেঙে দিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত জুনে যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে নাম লিখিয়ে ৭৫ বিলিয়ন ডলার তহবিল তুলেছিল স্পেসএক্স। এবার সেই মাইলফলক টপকে ৮১ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা এই প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাসডাকে তাদের শেয়ার লেনদেন শুরু হতে যাচ্ছে। মাত্র ৫ বছর আগে যাত্রা শুরু করা অ্যানথ্রপিকের বাজারমূল্য এখন দাঁড়াচ্ছে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলারে, যা তাদের বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানির কাতারে নিয়ে যাবে।

বড় অঙ্কের লোকসানে থাকা সত্ত্বেও অ্যানথ্রপিকের শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের মধ্যে অভাবনীয় আগ্রহ দেখা গেছে। তুমুল চাহিদার কারণে পূর্বপরিকল্পনার চেয়েও বেশি শেয়ার বাজারে ছাড়তে হয়েছে তাদের। শুরুতে প্রতিটি শেয়ারের দাম ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে রাখার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ৮৩ ডলারে চূড়ান্ত করা হয়েছে। এর আগে প্রাক্কলিত দামে কোম্পানির সর্বোচ্চ বাজারমূল্য ১.৩ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন প্রাথমিক বিনিয়োগকারী জানান, অ্যানথ্রপিকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-এর চাহিদা ছিল আকাশচুম্বী এবং তালিকাভুক্তির আগেই প্রাপ্য শেয়ারের তুলনায় ১০ গুণেরও বেশি আবেদন জমা পড়েছিল।

বিনিয়োগকারীদের কাড়াকাড়ির ফলে ২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করা ৭ জন সহ-প্রতিষ্ঠাতা রাতারাতি মাল্টি-বিলিয়নিয়ার হতে চলেছেন। শতভাগ এআই-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে অ্যানথ্রপিকই প্রথম সাধারণ মানুষের কাছে শেয়ার বিক্রি করছে। দ্রুত বাড়তে থাকা এআই খাতের জন্য এ তালিকাভুক্তিকে একটি বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কোডিং, লেখালেখি এবং তথ্য বিশ্লেষণের মতো কাজগুলো সহজ করে দেওয়ায় গত এক বছরে প্রতিষ্ঠানটির আয় বেশ বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে তাদের আয় হয়েছে ৩৩ বিলিয়ন ডলার। তবে আইপিও নথিপত্র বলছে, একই সময়ে তাদের নিট লোকসানের পরিমাণও বেড়ে ১০৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীদের এ আগ্রহ নিয়ে ক্যানাকর্ড ওয়েলথের লিয়াহ ব্রামওয়েল বলেন, প্রাতিষ্ঠানিক এবং সাধারণ- উভয় ধরনের বিনিয়োগকারীদের কাছ থেকেই শেয়ারের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে। তিনি আরও বলেন, এটি আমাদের আশ্বস্ত করে যে এআই-ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কেবল সাধারণ বিনিয়োগকারীদের অন্ধ উন্মাদনা কাজ করছে না।

বাজারে লেনদেন শুরু হওয়ার পর চাহিদার ওপর ভিত্তি করে অ্যানথ্রপিকের মূল্য আরও বাড়তে পারে। যেমনটা দেখা গিয়েছিল স্পেসএক্সের ক্ষেত্রে। জুনে নাসডাকে আসার পর মাস্কের প্রতিষ্ঠানটির মূল্য ২.২ ট্রিলিয়ন ডলারে উঠেছিল, যদিও পরের সপ্তাহগুলোতে দর কিছুটা কমে আসে। বর্তমান হিসাব অনুযায়ী, অ্যানথ্রপিক সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৮১ বিলিয়ন ডলারের বেশি এবং এনভিডিয়াসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করে আরও ২৬ বিলিয়ন ডলার তুলবে। উল্লেখ্য, এনভিডিয়া দীর্ঘদিন ধরেই তাদের চিপ ক্রেতা প্রতিষ্ঠানগুলোতে অর্থায়ন করে আসছে। এছাড়া চাহিদা অব্যাহত থাকলে ব্যাংকগুলো যদি গ্রিনশু অপশন ব্যবহার করে অতিরিক্ত শেয়ার বিক্রি করে, তবে আরও ১২ বিলিয়ন ডলার আসতে পারে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির তহবিল সংগ্রহের অঙ্ক ১০৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে আসতে পারে। তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অ্যানথ্রপিকই হবে একমাত্র পাবলিক কোম্পানি, যারা পুরোপুরি এআই প্রযুক্তি নিয়ে কাজ করে। গুগল বা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো এআই নিয়ে কাজ করলেও তাদের ব্যবসার পরিধি আরও অনেক বিস্তৃত। তবে এ উন্মাদনার পাশাপাশি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ মুনাফা অর্জনের সক্ষমতা নিয়েও কিছুটা সংশয় রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং মনে করেন, আগামী কয়েক বছরে শত শত বিলিয়ন ডলারের আর্থিক দায় পরিশোধের সময় এলে তাদের ব্যবসা সেই গতির সাথে তাল মেলাতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে তিনি যোগ করেন, প্রযুক্তির পরবর্তী ধাপকে রূপ দিতে সক্ষম এমন একটি শীর্ষস্থানীয় এআই ডেভেলপার প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ প্রতিদিন আসে না।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই প্রযুক্তি খাতের শেয়ারবাজারে কিছুটা অস্থিরতা চলছে। ডেমোক্র্যাট প্রার্থীরা এআই প্রযুক্তির জন্য জরুরি ডেটা সেন্টারের বিরোধিতা করায় এই খাতের ওপর কঠোর নিয়মকানুন আরোপের আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতেও অ্যানথ্রপিকের বাজারে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কৌশল প্রধান মার্তা নর্টন বিবিসিকে বলেন, এআই খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। শেয়ার বাজার সেই অর্থের প্রবাহ আরেকটু বাড়িয়ে দেয়, তাই এখনই এর উপযুক্ত সময়।

সূত্র: বিবিসি

/এমএকে/