বন্ধ হয়ে হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, তথ্য ও গ্রুপ বাঁচাতে যা করবেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
বন্ধ হয়ে হচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, তথ্য ও গ্রুপ বাঁচাতে যা করবেন

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ করতে বড় ধরনের পরিবর্তন আনছে মেটা। প্রতিষ্ঠানটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর ২০২৬-এর পর ফেসবুকের সব ধরনের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা মূল অ্যাকাউন্টের অধীনে থাকা অতিরিক্ত প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। সম্প্রতি ব্যবহারকারীদের ইমেইল ও নোটিফিকেশনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

মেটা জানিয়েছে, মূল ফেসবুক অ্যাকাউন্ট বা মেইন প্রোফাইল এই পরিবর্তনের আওতায় পড়বে না এবং তা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। তবে কোনো ব্যবহারকারীর অতিরিক্ত প্রোফাইল যদি মেটা কর্তৃক নিষ্ক্রিয় হয়ে থাকে এবং তা ফিরিয়ে আনতে আপিল করা হয়ে থাকে, তবুও নির্ধারিত সময় অর্থাৎ ১৪ ডিসেম্বরের পর সেটি মুছে যাবে। আর কেউ নিজে থেকে প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে থাকলে, তথ্য সংরক্ষণের জন্য তা সাময়িকভাবে সক্রিয় করে নিতে পারবেন।

বিষয়টি যেভাবে কাজ করবে (উদাহরণ)

ধরুন, আপনার মূল ফেসবুক অ্যাকাউন্টের নাম ‘গাজী শাহজাহান’। এই একটি অ্যাকাউন্টের অধীনে আপনি শখের বশে বা নির্দিষ্ট কমিউনিটির সাথে যুক্ত থাকতে ‘ভ্রমণ গল্প’ বা ‘ফটোগ্রাফি ক্লাব’ নামে আলাদা একটি প্রোফাইল খুলেছিলেন। মেটার নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বরের পর আপনার ‘গাজী শাহজাহান’ আইডিটি ঠিকই থাকবে, কিন্তু এর অধীনে থাকা ‘ভ্রমণ গল্প’ বা ‘ফটোগ্রাফি ক্লাব’ প্রোফাইলটি এবং এর ভেতরের সব তথ্য চিরতরে মুছে যাবে।

তথ্য সংরক্ষণকরবেন যেভাবে

অ্যাডিশনাল প্রোফাইলে থাকা আপনার গুরুত্বপূর্ণ পোস্ট, ছবি, ফ্রেন্ডলিস্ট, গ্রুপ কনটেন্ট এবং মেসেজ হারিয়ে যাওয়ার আগেই সেগুলোর একটি কপি ডাউনলোড বা এক্সপোর্ট করে রাখতে পারেন। ১৪ ডিসেম্বর ২০২৬-এর আগেই অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ‘Export your information’ অপশন থেকে এই তথ্যগুলো সংগ্রহ করা যাবে।

গ্রুপের অ্যাডমিন হলে করণীয় কী?

যদি আপনার পরিচালিত কোনো ফেসবুক গ্রুপ শুধুমাত্র অ্যাডিশনাল প্রোফাইল দিয়ে পরিচালিত হয়, তবে ওই প্রোফাইলটি মুছে যাওয়ার পর গ্রুপটি অ্যাডমিনশূন্য হয়ে পড়বে এবং ফেসবুক কর্তৃপক্ষ গ্রুপটি সাময়িকভাবে বন্ধ করে দেবে।

উদাহরণস্বরূপ

আপনার ‘ভ্রমণ গল্প’ নামক অ্যাডিশনাল প্রোফাইলটি যদি কোনো গ্রুপের একমাত্র অ্যাডমিন হয়ে থাকে, তবে ১৪ ডিসেম্বরের পর গ্রুপটি অচল হয়ে যাবে। এ সমস্যা এড়াতে ১৪ ডিসেম্বরের আগেই আপনার মূল প্রোফাইল (যেমন: গাজী শাহজাহান) অথবা বিশ্বস্ত অন্য কাউকে ওই গ্রুপের অ্যাডমিন বানিয়ে দিতে হবে।

/এবি/