মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অজান্তেই গ্যালারির ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ নেওয়ার অভিযোগে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে বিশাল অঙ্কের জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের অভিযোগ, ব্যবহারকারীদের পরিষ্কার করে না জানিয়ে এবং তাদের স্পষ্ট অনুমতি না নিয়েই এ কাজ করেছে প্রযুক্তি জায়ান্টটি।

ইতালির তথ্য সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, ফেসবুকের বিশেষ একটি ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল মেটা। অথচ এ বিষয়ে ব্যবহারকারীদের কাছে কোনো পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয়নি। বিতর্কিত এ ফিচারটির কার্যক্রম বন্ধ করতে প্রতিষ্ঠানটিকে ৬০ দিনের সময় বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ।

নির্দেশনা অনুযায়ী, ফিচারটি যেন কোনোভাবেই স্বয়ংক্রিয়ভাবে চালু না থাকে, মেটাকে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া ফোনের গ্যালারিতে থাকা ছবি বা ভিডিও ব্যবহার করার আগে প্রত্যেক ব্যবহারকারীর কাছ থেকে আলাদাভাবে অনুমতি নিতে হবে। মূলত ব্যবহারকারীদের ফোনের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ফেসবুকে নতুন পোস্ট তৈরির আইডিয়া দেওয়ার জন্যই এ ফিচারটি চালু করা হয়েছিল। এ সুবিধা চালুর সময় অ্যাপটি ফোনে ঢোকার জন্য কেবল একবারই অনুমতি চাইত। কিন্তু অনুমতি চাওয়ার নোটিশে যে ছবিগুলো বিশ্লেষণ করে পোস্টের পরামর্শ তৈরি করা হবে, সে বিষয়টি একদমই স্পষ্ট করা হয়নি বলে জানিয়েছে ইতালির কর্তৃপক্ষ।

জরিমানার পরিমাণ নির্ধারণ করার সময় ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এবং ফিচারটির কার্যক্রম এখনো পুরোপুরি বন্ধ না হওয়ার বিষয়টি মাথায় রাখা হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্যমতে, যেসব ব্যবহারকারী এখনো ফেসবুক অ্যাপ আপডেট করেননি, তাদের ফোনে ফিচারটি এখনো সচল থাকতে পারে। এমনকি আগে থেকেই সম্মতি দেওয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও এটি চালু আছে।

তদন্তের সময় মেটার অসহযোগিতার বিষয়টিও জরিমানার ক্ষেত্রে বিবেচনা করেছে ইতালির নিয়ন্ত্রক সংস্থা। ২০২৫ সালে শুরু হওয়া এ তদন্তে ব্যবহারকারীদের ছবি ও ভিডিও এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা যাচাই করা হয়নি। তবে এ ধরনের কোনো ব্যবহারের অভিযোগ মেটা সরাসরি অস্বীকার করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ২০২৬ সালে চালু হওয়া মেটার আরেকটি ফিচার নিয়েও পর্যালোচনার পরিকল্পনা করছে সংস্থাটি। ওই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ক্লাউডে পাঠিয়ে প্রক্রিয়াকরণ করা সম্ভব।

এর আগে অক্টোবরেও বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছিল মেটা। ব্যবসায়িক কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত প্রতিষ্ঠানটিকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছিল, ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘকাল ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছে।

/এমএকে/